
ভারতের বিহারে লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলনে অন্তত ৭ পুণ্যার্থী নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে মানুষের ওপর পড়েছে—এমন গুজবে হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, ‘ভোর সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন আসার পর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় জমে যায়। এতে একপাশের ব্যারিকেড ভেঙে গেলে মানুষ একে অপরের ওপর পড়ে যান। পুরুষদের লাইনের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ ভেঙে পড়লে রটে যায় যে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে মানুষের ওপর পড়েছে। আতঙ্কে পুরুষদের লাইন থেকে চাপ গিয়ে পড়ে বাঁ পাশের নারীদের লাইনে এবং নারীরা একে অপরের ওপর পড়ে যান। মাত্র ২ মিনিটের ব্যবধানে পুরো ঘটনা ঘটে।’
মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) শিবম কুমার জানান, প্রাথমিক অনুসন্ধানে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়া ও বিদ্যুতায়িত হওয়ার গুজবে পদদলনের খবর পাওয়া গেছে। তবে যাচাই-বাছাইয়ের পরেই দুর্ঘটনার কারণ জানা সম্ভব হবে। তিনি ৭ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনাকে মর্মান্তিক হিসেবে অভিহিত করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: এনডিটিভি
.png)




-7bb02b-256x144.webp)

