পাথরের নিচে এক বিলিয়ন টন বরফ!

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পাথুরে পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক বিলিয়ন টন বরফ। ছবি: সংগৃহীত
পাথুরে পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক বিলিয়ন টন বরফ। ছবি: সংগৃহীত

ধরুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি শুকনো পাথুরে পাহাড়ের ঢালে। চারপাশে ধূসর মাটি, নুড়ি আর পাথর। কোথাও বরফের চিহ্ন নেই। অথচ আপনার পায়ের কয়েক মিটার নিচেই জমে আছে বিপুল পরিমাণ বরফ।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মাউন্ট টিম্পানোগোস হিমবাহে এমনই এক বিস্ময়কর ঘটনার সন্ধান পেয়েছেন ইউটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। ওপর থেকে যা দেখলে নিছক পাথুরে ঢাল বলে মনে হবে, কিন্তু তার নিচে লুকিয়ে রয়েছে বিশাল বরফের স্তর। গবেষকদের মতে, শুধু ইউটাহর বিভিন্ন রক গ্লেসিয়ারে জমে থাকা বরফের পরিমাণ প্রায় এক বিলিয়ন টন।

প্রশ্ন হলো, পাথরের নিচে এত বরফ এল কীভাবে? আর জলবায়ু উষ্ণ হতে থাকলে এর কী হবে?

বরফ যখন পাথরের ছদ্মবেশ নেয়

সাধারণ হিমবাহ দেখলে বোঝা যায় সেখানে বরফ আছে। কিন্তু রক গ্লেসিয়ার বা শিলা হিমবাহের চেহারা সম্পূর্ণ ভিন্ন। পাথর, নুড়ি ও মাটির পুরু স্তরের নিচে বরফ জমে থাকে। ফলে দূর থেকে পুরো কাঠামোটিকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ পাথুরে পাহাড়।

এই পাথর ও মাটির স্তর ভেতরের বরফের জন্য অনেকটা প্রাকৃতিক কম্বলের মতো কাজ করে। সূর্যের তাপ সরাসরি বরফে পৌঁছাতে পারে না। ফলে বাইরের পরিবেশ শুষ্ক ও উষ্ণ হলেও ভূগর্ভে বরফ দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মাউন্ট টিম্পানোগোসের রক গ্লেসিয়ারে প্রায় ৮৩ শতাংশই বরফ। বরফের গড় পুরুত্ব প্রায় ১৮ দশমিক ৮ মিটার বা ৬২ ফুট। গবেষকদের হিসাবে, এখানে প্রায় ১৫ লাখ ঘনমিটার বরফ রয়েছে।

মাটির নিচের বরফ দেখা গেল মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে

পাথর ও বরফের ঘনত্ব এক নয়। ফলে ভূগর্ভে কোথাও বিপুল পরিমাণ বরফ থাকলে সেই এলাকার মাধ্যাকর্ষণ শক্তির কারণে সামান্য পরিবর্তন ঘটে। ইউটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পাথরের নিচে বরফের সন্ধান পেতে এই মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করেছেন। ফলে এই সূক্ষ্ম পরিবর্তনই গবেষকদের কাছে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সূত্র।

টিম্পানোগোস এলাকায় ২৩২টি স্থানে মাধ্যাকর্ষণের সূক্ষ্ম পরিবর্তন নজরে আসে তাদের। পরে এসব তথ্য বিশ্লেষণ করে ভূগর্ভে থাকা বরফের একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করেন গবেষকেরা। অর্থাৎ, পাহাড়ের ওপর দাঁড়িয়েই তাঁরা পাহাড়ের ভেতরের অদৃশ্য বরফের স্তর অনুসন্ধান করেন। এই গবেষণা শুধু একটি রক গ্লেসিয়ারের রহস্যই উন্মোচন করেনি, সামনে এনেছে আরও বড় এক হিসাব।

ইউটাহ থেকে পুরো পশ্চিম যুক্তরাষ্ট্রের হিমবাহের পরিমাণ

টিম্পানোগোসের বরফের পরিমাণকে ভিত্তি করে ইউটাহর অন্যান্য রক গ্লেসিয়ার সম্পর্কেও ধারণা পেয়েছেন গবেষকেরা। ইতিমধ্যে অঙ্গরাজ্যটিতে প্রায় ৮৩৬টি রক গ্লেসিয়ার শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় এক বিলিয়ন টন বরফ থাকতে পারে বলে তাঁদের অনুমান।

অন্যদিকে বৃহত্তর পশ্চিম যুক্তরাষ্ট্রজুড়ে হিমবাহের হিসাব করলে এর পরিমাণ আরও বেশি হবে। গবেষকদের অনুমান অনুযায়ী, পশ্চিমের শিলা হিমবাহতে প্রায় ১২ বিলিয়ন টন বরফ জমা রয়েছে। আর পুরো বিশ্বের রক গ্লেসিয়ারগুলোর হিসেব করলে, ভূগর্ভে লুকিয়ে থাকা বরফের পরিমাণ প্রায় ৪৮ বিলিয়ন টন।

এই বরফ শুধু পাহাড়ের গঠন ধরে রাখে না, অনেক অঞ্চলে এটি পানি সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ভূমিকা রাখে। ফলে চোখের আড়ালে থাকা এই বরফ জলবায়ু ও পানিসম্পদ হিসেবেও গুরুত্বপূর্ণ।

উষ্ণ পৃথিবীতে কতটা নিরাপদ এই বরফ

জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়তে থাকলে এই লুকানো বরফের ভবিষ্যৎ কী হবে? দৃশ্যমান হিমবাহের তুলনায় রক গ্লেসিয়ার ধীরে পরিবর্তিত হয়। পাথর ও মাটির আবরণ বরফকে কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বাড়তে থাকলে এই বরফও গলতে শুরু করে।

শুধু বরফ গলে পানি হয়ে যাওয়ায় সমস্যা নয়। বরফ রক গ্লেসিয়ারের ভেতরের কাঠামোকেও স্থিতিশীল রাখে। বরফ কমে গেলে সেই কাঠামো দুর্বল হয়ে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এতে ভাটির এলাকার মানুষ, সড়ক ও অন্যান্য অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

তাই গবেষকদের সামনে এখন আরও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বরফ ঠিক কত বছরের পুরোনো? এর কতটা ইতিমধ্যে গলেছে? উষ্ণতা বাড়তে থাকলে আগামী কয়েক দশকে এর পরিণতি কী হবে?

তথ্যসূত্র: দ্য জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত