নির্বাচনের আগে প্রশাসন ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নাটোর

নাটোরের সিংড়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন আসিফ মাহমুদ। স্ট্রিম ছবি
নাটোরের সিংড়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন আসিফ মাহমুদ। স্ট্রিম ছবি

প্রশাসনকে ব্যবহার করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইলে শেখ হাসিনার মতো পার পাওয়া যাবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে। …প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। গত তিনটি নির্বাক পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিবে।”

নাটোরের সিংড়ায় আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এক পদযাত্রায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট’ প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘স্যোশাল মিডিয়ায় আপনারা দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।’

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি প্রার্থীকে শোকজ করার কারণে, আমরা দেখছি, ওই দিন যেতে না যেতেই সেই অফিসারকে উইড্রো (প্রত্যাহার) করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের ভোট চাচ্ছেন।’

পথসভায় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের জোট মনোনীত এনসিপির প্রার্থী জার্জিস কাদির, দলটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত