
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামের আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ভোরে ব্রাউনসভিলের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।
রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। রাসেলের বাড়িও একই জেলায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে পুলিশ জানায়, ভোরে এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায়। এতে সেখানে কর্মরত রাজু ও রাসেল গুলিবিদ্ধ হন। রাজুর মাথায় এবং রাসেলের ডান পায়ে গুলি লাগে। তাদের স্থানীয় ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। রাসেল চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন।
ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসার জানান, রেস্তোরাঁয় এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করে চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল তাঁকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান।
ঘটনাটি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
.png)




-78ae87-256x144.webp)

