চাঁদাবাজির অভিযোগে আটক এমপি-পুত্র, পরে যুবদল থেকে বহিষ্কার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২৩: ১৭
খাইরুল ইসলাম সজীবকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে আটকের পর নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান।

এর আগে সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতেও বহিষ্কারের তথ্য জানানো হয়।

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, ‘সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে সজীবকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।’

এর আগে গতকাল শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয় বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। ঢাকায় নেওয়ার কিছুক্ষণ পরেই সজীবকে বহিষ্কারের কথা জানায় কেন্দ্রীয় যুবদল।

Ad 300x250

সম্পর্কিত