রেস্তোরাঁয় ৪০০ টাকায় বিক্রি হতো ঘোড়ার মাংস, ৫ জনের কারাদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জামালপুর

 জামালপুরে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিচাপা দেওয়া হয়। সংগৃহীত ছবি
জামালপুরে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিচাপা দেওয়া হয়। সংগৃহীত ছবি

ঢাকার রেস্তোরাঁগুলোতে প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রির জন্য পিকআপে করে নেওয়ার পথে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের পাঁচ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করার পাশাপাশি পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি গ্রামের মো. হুমায়ুন কবির (৪০), গোপালপুর উপজেলার চরদুবাকান্দি গ্রামের আলফাজ (৪২) ও মো. শহিদ (৩৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিকআপ চালক মো. জুয়েল (৩২) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার হেলপার তাসির মিয়া (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হুমায়ুন কবির, আলফাজ ও শহিদকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি চকবাজার এলাকায় অভিযান চালিয়ে পিকআপটি আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে বস্তায় রাখা প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। মাংসগুলো ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।

নরুন্দি থানার ইনচার্জ মো. নাজমুল হক বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল। তাদের ধরতে পুলিশের একটি দল বেশ কিছুদিন ধরে কাজ করছিল। পরে ঘোড়ার মাংসসহ চক্রটির সদস্যদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা এর আগে একইভাবে আরও চারবার ঘোড়ার মাংস ঢাকায় নিয়ে বিক্রি করেছে। প্রতি কেজি ৪০০ টাকা করে তারা এগুলো রেস্তোরাঁগুলোতে সরবরাহ করত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত