কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯: ৩২
কাপ্তাই হ্রদ। সংগৃহীত ছবি
কাপ্তাই হ্রদ। সংগৃহীত ছবি

কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ঘাটে আহরিত মাছ অবতরণ করা যাবে। এছাড়া আগামী ২ মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।

নিষেধাজ্ঞা চলাকালে হ্রদে অবৈধ মাছ শিকার রোধে নৌ-পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০২৫–২৬ অর্থবছরে এ সময়ে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ক্ষতিগ্রস্ত ২৬,৮৪৫টি জেলে পরিবারের সহায়তায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় প্রতিটি পরিবারকে ২০ কেজি হারে দুই মাসের জন্য মোট ৪০ কেজি (সর্বমোট ১,০৭৩.৮০ মেট্রিক টন) চাল দেওয়া হবে। এছাড়া খাদ্য সহায়তা বিতরণের বিপরীতে পরিবহন ব্যয় বাবদ প্রতি পরিবারে ৩৫০ টাকা হারে মোট ৯৩,৯৫,৭৫০ টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নিষেধাজ্ঞাকালীন জেলেদের খাদ্য নিরাপত্তা ও জীবিকা সহায়তায় সরকার কার্যকর ভূমিকা রাখছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত