বাংলাদেশি আটকের জবাবে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
স্ট্রিম সংবাদদাতাপঞ্চগড়

পঞ্চগড় সদরের সাতমেরা সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জবাবে ভারতীয় এক নাগরিককে ধরে এনেছে ওই এলাকার বাসিন্দারা।
শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্তে এই ঘটনা ঘটে। ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি জলপাইগুড়ির রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ ভূখণ্ডে পা দিলে স্থানীয়রা ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ হেফাজতে আছেন।
স্থানীয়দের ভাষ্য, গত বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার উদ্দীন বলেন, আমার বাবা কিছুই করেননি। গরু খুঁজতে গেছেন। কানে শুনতে পান না, ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। বিনা দোষে বাবাকে তারা ধরে নিয়ে গেছে। আমি বাবাকে ফিরে পেতে চাই। বাবাকে ছাড়া ভারতের নাগরিককে ফেরত না দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
.png)




-78ae87-256x144.webp)

