১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তনের অনুমোদন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২৭
বাংলাদেশ ডাক বিভাগের লোগো।
বাংলাদেশ ডাক বিভাগের লোগো।

যুগোপযোগী ও ডিজিটাল ডাকসেবা নিশ্চিত করতে ১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তন করে ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এই নতুন অধ্যাদেশ অনুমোদিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হোয়েছে, এর মাধ্যমে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর, ই-কমার্স কমপ্লায়েন্স এবং আধুনিক ঠিকানা ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া ডাক বা কুরিয়ার ব্যবসা পরিচালনা করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানার বিধান রাখা হয়েছে, যা আগে ছিল মাত্র ৫০ হাজার টাকা। এ ছাড়া প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ই-স্ট্যাম্পিং বা ডিজিটাল ডাকটিকিট চালু করা হয়েছে। গ্রাহক অনলাইনে বিল পরিশোধ করে কিউআর কোড বা বারকোডযুক্ত ডিজিটাল টিকিট পাবেন।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য নতুন আইনে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। লজিস্টিক অপারেটরদের গ্রাহকের তথ্য এনক্রিপশনসহ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া সব বাণিজ্যিক অপারেটরের আন্তঃপরিচালন বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে একটি সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম পরিচালনা করবে সরকার।

নতুন এই আইনের ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনায় নাগরিকদের ঠিকানার ডিজিটাল আর্কাইভের পাশাপাশি ফ্যামিলি-ট্রি ম্যাপিং ও জিও-ফেন্সিং অন্তর্ভুক্ত থাকবে। নদীভাঙন বা জলবায়ু পরিবর্তনের ফলে চর বিলীন হওয়া বা ভূমি পুনরুদ্ধারের মতো পরিস্থিতিতেও নাগরিকদের ঠিকানা যাতে সঠিকভাবে শনাক্ত ও পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, তার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই অধ্যাদেশে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত