
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে তুরস্কের রাজনৈতিক দল হুদাপার পার্টির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৩ মে) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তুরস্কের হুদাপার পার্টির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল।
জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের (ইফসো) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তুরস্কের হুদাপার পার্টি ও জামায়াতে ইসলামীর পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় দেশের নেতারা।
.png)






