সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন
স্ট্রিম সংবাদদাতা

বিএনপির আদর্শ ধারণ করে সব চক্রান্ত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ কে এম ফজলুল হক মিলন বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী অরাজকতা থেকে দেশকে মুক্ত করা, মানুষের কল্যাণ ও স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।’
তিনি বলেন, ‘বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচিসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শভিত্তিক রাজনীতি, খালেদা জিয়ার উৎপাদনমুখী রাজনীতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুগঠিত নেতৃত্ব ও যুগান্তকারী কর্মসূচি ধারণ করে চলতে পারলে আমরা মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কল্যাণে কাজ করতে পারব।’
মিলন আরও বলেন, সব চক্রান্তের মুখেও দলের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
.png)






