বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩: ৫৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিএমও

বাঘসহ বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণে ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ চুক্তিতে সই করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)’ স্বাক্ষরের এই প্রস্তাব উত্থাপন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আইবিসিএ হলো টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পিউমা, জাগুয়ার ও চিতা—এই সাত প্রজাতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট। ২০২৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত এই জোটে বর্তমানে জাতিসংঘের ২৪টি রাষ্ট্র সদস্য হিসেবে রয়েছে। এই জোটের লক্ষ্য সদস্যদের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে বন্যপ্রাণীর অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ করা। সুন্দরবনের ইকোসিস্টেম এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুরক্ষাকে করতে বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

একই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্থাপিত জাপান ও বাংলাদেশ সরকারের ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করা হয়। এর মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময় সহজ হবে।

এ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ বাস্তবায়নের লক্ষ্যে খসড়া জিসিএম-ন্যাপ (২০২৬–২০৩০) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করে। এই নতুন কর্মপরিকল্পনায় বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা ও অভিবাসন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত