থ্যালাসেমিয়া রোগীদের জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২৩: ৪২
‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে কথা বলেন ডা. জুবাইদা রহমান। ছবি: পিআইডি

দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ প্রয়োজন। পাশাপাশি ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত শনাক্তকরণ ও সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। সচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং সঠিক চিকিৎসায় আক্রান্ত ব্যক্তিরা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।’

এ সময় তিনি ১৯৮৯ সাল থেকে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে থাকার জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির প্রশংসা করেন।

স্বেচ্ছায় রক্তদানের মানবিক গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান জানান, তাঁর কন্যা জাইমা রহমান এ পর্যন্ত সাতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন।

স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মানবিক উদ্যোগ থ্যালাসেমিয়াসহ নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখছে।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

Ad 300x250

সম্পর্কিত