
সারা দেশেই আজ শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময়ে অঞ্চলগুলোর ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
গতকাল সন্ধ্যা ছয়টায় আগের ২৪ ঘণ্টার রেকর্ডে দেখা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ দশমিক ৭ ডিগ্রি। এই সময়ের মধ্যে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় দিনাজপুরে, ৮৭ মিলিমিটার।
.png)




-78ae87-256x144.webp)

