জুলাই জাতীয় সনদ বাতিলের রিট শুনানি ১ মার্চ
স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ বাতিল এবং এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ (রোববার) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সনদের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটির শুনানির এই দিন ধার্য করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদন করেন। রিটে জুলাই জাতীয় সনদকে কেন বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, রিটে এই সনদের কার্যকারিতাও স্থগিত চাওয়া হয়েছে।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
এদিকে, সনদের পাশাপাশি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে রিটটি করেন।
রিট আবেদনে ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা প্রশ্নের পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গণভোটের ফল বাতিল চাওয়া হয়েছে। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
.png)






