জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

দস্যু দমনে সুন্দরবনে শিগগির অভিযান: বন প্রতিমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

শনিবার বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজার জিয়ারত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। স্ট্রিম ছবি

বনদস্যুদের দৌরাত্ম্য দমনে সুন্দরবনে শিগগির আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে সক্রিয় দস্যু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দস্যুদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত দস্যুদের ওপর বিশেষ নজরদারিও শুরু হয়েছে। তাদের গ্রেপ্তারে খুব শিগগির সমন্বিত বাহিনীর অভিযান শুরু হবে।

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, সুন্দরবনকে ঘিরে আর কোনো ধরনের দস্যুতা বরদাশত করা হবে না। বিশ্ব ঐতিহ্য এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুট, জেলে ও বনজীবীদের অপহরণ কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাসরত জেলে, মৌয়াল ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগের টহল জোরদার করা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে।

বিএনপির কেউ চাঁদাবাজি বা কোনো ধরনের অপরাধে যুক্ত হলে তাকেই দায়ভার নিতে হবে জানিয়ে বন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি গণমানুষের দল। তারেক রহমান শুধু বিএনপির নন, সারা দেশের মানুষের প্রধানমন্ত্রী। সুতরাং কোনো চাঁদাবাজি, হানাহানি বা কারও অপকর্মের দায়ভার বিএনপি বা তারেক রহমান নেবে না। কেউ যদি কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তার দায়ভার তাকেই নিতে হবে।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শাহেদ আলী রবিসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত