চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহত ২, আশ্রয়কেন্দ্রে ৩ হাজার পরিবার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২৩: ৫৭
সংগৃহীত ছবি

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে মহানগর ও জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩ হাজার পরিবার।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার পরিবার অবস্থান করছে। টানা ভারী বৃষ্টিপাতে পাঁচলাইশের রহমান নগরে দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩২) এবং রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে রেনু আরা বেগম (৫৫) নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।’

তিনি জানান, চট্টগ্রামে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার ১৫টি উপজেলা এবং মহানগরীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।’

মাসুদুর রহমান আরও বলেন, আকবরশাহ এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা ১০০ পরিবারকে সরিয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে তাদের জন্য রান্না করা খাবার ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম মহানগর এলাকায় আরও আটটি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত