মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: সদস্যদেশগুলো আগ্রহ দেখালে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে
স্ট্রিম প্রতিবেদকঢাকা

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সদস্যদেশগুলো বাংলাদেশকে এ প্যাক্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ বা অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে ‘মক্কা প্যাক্ট’ স্বাক্ষর করেছে। বাংলাদেশ ওই প্যাক্টে যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে, তা জানতে চান তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। আমরা এ প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এর (প্যাক্ট) ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনায় রাখব। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে—এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।’
.png)




-78ae87-256x144.webp)

