
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকা থেকে নববধূকে নিয়ে গাড়িতে ফিরছিলেন বর মো. হানিফ। পথে গাবতলী বাজারে ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েক যুবক গাড়ি থামিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে বর, তাঁর বাবা হবি মিয়াসহ ৫০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরের স্বজন হেলাল উদ্দিনের অভিযোগ, ধীতপুর বড়বাড়ি কাজলের ভাই-ভাতিজারা বরের গাড়ি আটকে টাকা চান। প্রথমে তর্ক, পরে সংঘর্ষ হয়। তবে ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল বলেন, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট দেখা দেয়। এ সময় একটি অটোরিকশাচালকের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটি হলে, স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বরপক্ষের একগুয়েমির কারণে মারামারি বাধে।
করিমগঞ্জ থানার ওসি সোহেব খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.png)




-78ae87-256x144.webp)

