এমপি হান্নানকে নিতে মাঝনদী থেকে ফিরল ফেরি, যাত্রীদের ক্ষোভ
স্ট্রিম সংবাদদাতানোয়াখালী

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ফেরিটি ছেড়ে যায়। পরে তা ঘাটে ফিরিয়ে আনার বিষয়টি স্বীকার করেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে গাড়িতে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসুদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসুদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তাঁর ক্ষমতা।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ঘাট থেকে ছাড়ার পর আবার এমপির জন্য ফেরিটি ঘাটে ফিরে আসে। এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।
ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য হান্নান মাসউদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
.png)




-2269a6-256x144.webp)

