চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩
স্ট্রিম সংবাদদাতাচাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে বানিয়াচোঁ এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান।
নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের লালমাই এলাকার ট্রাকচালক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধা জেলার আল আরাফাহ বাসের চালক কামাল হোসেন (৪০) ও বাগেরহাট জেলার বাসের সুপারভাইজার শোভন মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী আল আরাফাহ এক্সপ্রেস বাস এবং হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৩ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জনকে ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনার কারণে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সড়কটিতে দিনের বেলায় বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানান, সড়কটির ৫ কিলোমিটারের মধ্যে বালুবাহী ট্রাকের দুর্ঘটনায় গত তিন মাসে অন্তত ১০ জনের প্রাণহানির ঘটেছে।
.png)




-78ae87-256x144.webp)

