জাবিতে নারী শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
স্ট্রিম সংবাদদাতাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ‘নারী নিরাপত্তা মঞ্চ’।
বুধবার (২০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কলা ও মানবিকী ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গত ১২ মে রাতে ফজিলাতুন্নেছা হলের পাশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা একে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘ দিনের চলমান নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
‘নারী নিরাপত্তা মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অদ্রিজা দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নারী নিরাপত্তা মঞ্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মতো ভয়াবহ ঘটনার পর, আন্দোলন চলাকালীন একই ক্যাম্পাসে আরও তিনটি হয়রানির ঘটনা প্রমাণ করে যে এই নিষ্ক্রিয়তা কোনো ব্যতিক্রম নয়, এটি একটি পদ্ধতিগত সমস্যা।
তিনি আরও বলেন, নারী নিরাপত্তা মঞ্চ বিশ্বাস করে এই সংকটের একমাত্র সমাধান হলো নারীদের ঐক্যবদ্ধ, সংগঠিত ও টেকসই প্রতিরোধ। তাৎক্ষণিক বিচার নিশ্চিত করার পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখব।
.png)






