
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে রিজভী বলেন, ‘কর্মসূচি দেওয়া বিরোধী দলের অধিকার। আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা অল্টারনেটিভ (বিকল্প) বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’
রিজভী আরও বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সেখানে সরকারের সমালোচনার পাশাপাশি সমস্যা সমাধানের পথ দেখানো প্রয়োজন।
সংকটকে জটিল করতে ‘পরিকল্পিত অচলাবস্থা’ তৈরি করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, সংকট নিরসনের পরিকল্পনা প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা আসায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। এটি সরকারের তৈরি নয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে হচ্ছে।
অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বাস্তবভিত্তিক সমাধানের পথ দেখানোর আহ্বান জানান রিজভী।
.png)




-78ae87-256x144.webp)

