নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২৩: ২০
এনসিপির বন্দর উপজেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী শোয়াইব রহমান সোহেব। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে শোয়াইব রহমান সোহেব (৪২) এবং বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে মো. সুমন (৩৮)। সোহেব এই হত্যা মামলার এক নম্বর এবং সুমন দশ নম্বর আসামি।

এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান নিশ্চিত করেছেন, গ্রেপ্তার শোয়াইব রহমান সোহেব এনসিপির বন্দর উপজেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী। তবে শুরুর দিকে ওই কমিটি থাকলেও পরে তা বিলুপ্ত করা হয় বলে জানান তিনি।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেনের বিরোধ মেটাতে সালিশ বসে। ওই বৈঠকে আলমগীর হোসেন তার পাওনা টাকা দাবি করলে অভিযুক্তরা হামলা চালায়। হাতুড়ি, লাঠির আঘাতে আহত হন আলমগীর হোসেন। পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে।

এই হত্যাকাণ্ডের পর নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের কর্মকর্তা নাঈম উল হক।

Ad 300x250

সম্পর্কিত