হাতীবান্ধায় চার শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
স্ট্রিম সংবাদদাতালালমনিরহাট

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় নারী শিক্ষার্থীদের সহজেই স্যানিটারি প্যাড পেতে এ কর্মসূচী নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মেশিন স্থাপন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ, হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মতিয়ন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মিলনবাজার মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসা।
মতিয়ন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নেত্তাহুম মোনালিসা বলেন, আগে হঠাৎ প্রয়োজন হলে অনেক সমস্যায় পড়তে হতো। এখন বিদ্যালয়েই সহজে প্যাড পাওয়া যাচ্ছে। এ জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
মিলনবাজার মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসার দাখিল শিক্ষার্থী সুবহা মেহেজাবীন মারিয়া বলেন, পিরিয়ড নিয়ে যে সংকোচ ছিল, সেটাও অনেকটা কমবে। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন ব্যবস্থা করা উচিত।
মতিয়ন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম খান বলেন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে মনোযোগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
.png)




-78ae87-256x144.webp)

