তহবিল সংকটে হুমকিতে রোহিঙ্গা সহায়তা, টেকসই ব্যবস্থার আহ্বান এইচসিআই প্রধানের
স্ট্রিম ডেস্ক

বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে আসায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত করতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল হেড মাহমুদা খান।
আজ (২৪ আগস্ট) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এইচসিআইয়ের যুক্তরাষ্ট্র শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম মাহবুব ও ব্রিটিশ সাংবাদিক সামি হামদিসহ সংস্থাটির কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
মাসুম মাহবুব বলেন, বাংলাদেশে এইচসিআইয়ের সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রোহিঙ্গা সংকটের মধ্যে এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে সংস্থার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।
সামি হামদি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো দরকার। রোহিঙ্গা সংকট তাঁর কাছে ব্যক্তিগতভাবেও উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সামি হামদি। একই সঙ্গে সংকটটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
কয়েক দশক ধরে কক্সবাজারে মানবিক কার্যক্রম পরিচালনা করছে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্বাস্থ্য ও শিক্ষা সেবার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বে মানব পাচারবিরোধী কার্যক্রমও চালাচ্ছে সংস্থাটি।
ক্যাম্প-৪-এ একটি লার্নিং সেন্টার ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছে এইচসিআই। এ ছাড়া চাইল্ড স্পনসরশিপ কর্মসূচির আওতায় কক্সবাজারের এতিম ও ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা শিশুদের নিয়মিত সহায়তা দিচ্ছে সংস্থাটি।
.png)




-78ae87-256x144.webp)

