উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার, ইউক্রেনে নিহত ১২
স্ট্রিম ডেস্ক

ইউক্রেনজুড়ে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। কিয়েভের অভিযোগ, এই হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। খবর আলজাজিরা
মঙ্গলবার (১১ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে। এর পরদিনই নতুন করে রুশ হামলার খবর এল।
ইউক্রেনের বিরুদ্ধে চলা রাশিয়ার ৪ বছরের যুদ্ধে সমর্থন দিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ইতিমধ্যে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের সংকটকে কাজে লাগাতে চাইছে রাশিয়া। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এবং ওয়াশিংটন ইরানের যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, মস্কো শান্তির জন্য নয়, বরং যুদ্ধ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার সর্বশেষ রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়া। জেলেনস্কি জানান, সেখানে অন্তত ছয়জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন।
জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পরের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়।
জেলেনস্কির দাবি, শহরটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন এবং গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, এটি ছিল একটি নৃশংস হামলা। বেসামরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করা ছিল হামলার লক্ষ্য।
এর আগে, রাশিয়া বিরুদ্ধে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করেছিলো ইউক্রেন।
.png)






