থাইল্যান্ডের স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা, তিন শিক্ষকসহ নিহত ৬

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

দেবসিরিন নন্থাবুরি স্কুলে গুলি বর্ষণের পর দৌড়ে পালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
দেবসিরিন নন্থাবুরি স্কুলে গুলি বর্ষণের পর দৌড়ে পালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৩ শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

স্থানীয় পুলিশের বরাতে জানানো হয়, হামলায় জড়িত নবম শ্রেণির ওই শিক্ষার্থীও পরে মারা যায়। সে পুলিশের গুলিতে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ননথাবুরি প্রাদেশিক পুলিশ প্রধান দেচরাপি কংডি জানান, হামলাকারী বন্দুকধারী ওই স্কুলেরই ছাত্র ছিল।

থাইল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম থাই পিবিএস জানায়, নিহতদের মধ্যে ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী রয়েছেন। এ সময় বিদ্যালয়ে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক উপস্থিত ছিলেন। ১৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, প্রথমে তিনি গুলির শব্দকে আতশবাজির শব্দ মনে করেছিলেন; পরপর কয়েকটি গুলির পর থমথমে নীরবতা নেমে আসে এবং আবার গুলিবর্ষণ শুরু হয়।

উল্লেখ্য, থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকের মৃত্যু হয়। এছাড়া ২০২২ সালের অক্টোবরে নং বুয়া লামফু প্রদেশে এক সাবেক পুলিশ কর্মকর্তার হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত