ইয়েমেনে হুথিদের হামলায় অন্তত ৩০ সেনা নিহত
স্ট্রিম ডেস্ক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুথিদের হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) মারিব ও হাদরামাউত প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
ইয়েমেনের সেনাবাহিনী হুথিদের আক্রমণের কথা স্বীকার করে হতাহতের বিষয়ে জানালেও নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি সরকারি কর্মকর্তারা এপি নিউজকে জানান, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ৫০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিলে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়েছিল। যুদ্ধবিরতির পর থেকে দুই পক্ষের মধ্যে এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনার ঘটনা।
হুথি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, শিগগিরই একটি ‘প্রধান’ সামরিক অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ ও আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি সংঘাতের মধ্যে রয়েছে ইয়েমেন। ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে দক্ষিণাঞ্চলে সরে যেতে বাধ্য করে। এরপর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেয়।
তথ্যসূত্র: এপি নিউজ
.png)






