হুতির হামলায় বাব এল-মান্দেবে জাহাজে ৩ নাবিক নিহত
স্ট্রিম ডেস্ক

লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে তানজানিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ৩ নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) ‘তিহামাহ’ নামের ছোট কার্গো জাহাজে হামলা চালায় হুথিরা। ইয়েমেনের কোস্টগার্ড ও সামরিক সূত্রের বরাতে এই খবর নিশ্চিত করেছে রয়টার্স।
ইয়েমেনের দুটি কোস্টগার্ড সূত্র এবং সামরিক বাহিনীর দুই কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের দুইজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর এই প্রথম কোনো জাহাজে হুতিদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটল।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের আল-মোখা উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ও এই হতাহতের ঘটনা ঘটে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘অ্যামব্রে’ জানিয়েছে, ইয়েমেনের পেরিম দ্বীপ থেকে ৩ দশমিক ৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা চালানো হয়।
যদিও হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল হুতিরা।
শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী, বাব এল-মান্দেব আক্রান্তের ঝুঁকিতে এই রুট দিয়ে দৈনিক জাহাজ চলাচলের গড় সংখ্যা ৫০ থেকে কমে ৩২টিতে নেমে এসেছে।
অ্যামব্রে জানিয়েছে, এই জাহাজের মালিকানা সৌদি বা দেশটির সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়।
তথ্যসূত্র: রয়টার্স
.png)






