সাইপ্রাসের কাছে ২৭০ আরোহী নিয়ে নৌকাডুবি, ৭ মরদেহ উদ্ধার
স্ট্রিম ডেস্ক

সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগরে প্রায় ২৭০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৩ জন। বৈরী আবহাওয়ার মধ্যে তাদের উদ্ধারে অভিযান চলছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উত্তর সাইপ্রাসের কিরেনিয়া থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলের তাসুকু যাচ্ছিল ফিলো জেট নামের নৌকাটি। বৈরী আবহাওয়ায় সাইপ্রাসের উপকূল থেকে কয়েক মাইল দূরে তলিয়ে যেতে শুরু করে নৌকাটি। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ে সেটি উল্টে যায়।
উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, নৌকাটিতে থাকা ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কারও অবস্থা গুরুতর নয়। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে ২৫৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে উল্লেখ করেছেন উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিওতে নৌকার এক পাশে বহু মানুষকে দেখা যায়। তাদের অনেকে লাইফ জ্যাকেট পরে উত্তাল পানিতে ভাসছিলেন। উদ্ধারকারীরা নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে তাদের উপকূলে নিয়ে আসেন।
উদ্ধার অভিযানে উত্তর সাইপ্রাসের চারটি কোস্টগার্ড জাহাজ ও একটি যাত্রীবাহী নৌকা অংশ নেয়। ঘটনাস্থলে কোস্টগার্ডের দুটি হেলিকপ্টারও পাঠানো হয়।
কিরেনিয়া বন্দরের লাইভ ভিডিওতে উদ্ধার হওয়া যাত্রীদের হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌকায় করে বন্দরে পৌঁছাতে দেখা যায়। এ সময় বন্দরে একাধিক অ্যাম্বুলেন্স দেখা যায়।
মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, রোববার সকালে নৌকাটিকে কিরেনিয়ার উত্তরে দেখা গিয়েছিল। পরে নৌকাটির অবস্থান শনাক্তকারী সংকেত বন্ধ হয়ে যায়।
তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
.png)






