নাইজেরিয়ায় সশস্ত্র বাহিনীর হাতে প্রাণহানি বাড়ছেই, এবার নিহত শতাধিক
স্ট্রিম ডেস্ক

নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত রোববার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জুরমি জেলার তুমফা বাজারে এই হামলা চালানো হয়।
মঙ্গলবার (১২ মে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়ে অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।
এক মাসের মধ্যে উত্তর নাইজেরিয়ার জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা। অ্যামনেস্টি জানিয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বর্তমানে আহতরা জুরমি ও শিনকাফি এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অ্যামনেস্টি জানায়, ওই দিন দুপুরবেলা সামরিক বিমানগুলো বাজার এলাকার ওপর চক্কর দিতে দেখা যায়। এর প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে জনাকীর্ণ বাজারে বোমাবর্ষণ শুরু করে। নাইজেরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে আগে এ ধরনের হামলায় সেনাবাহিনী দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কেবল জঙ্গিদের আস্তানায় হামলা চালানো হয়।
এর আগে গত এপ্রিল মাসে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলিতে একটি সাপ্তাহিক বাজারে বিমান হামলায় প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হন। সেনাবাহিনী এখনো সেই ঘটনার তদন্ত করছে। জামফারা ও বোরনোসহ উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে দস্যু দমন এবং ইসলামপন্থী বিদ্রোহ মোকাবিলায় নিয়মিত এ ধরনের হামলা করছে দেশটির সামরিক বাহিনী।
এই হামলাকে বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন অভিহিত করে অ্যামনেস্টি বলেছে, সশস্ত্র গোষ্ঠী, দস্যু এবং সেনাবাহিনী—সবার কাছেই গ্রামের সাধারণ মানুষ লক্ষ্যবস্তু।
তথ্যসূত্র: রয়টার্স
.png)






