
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধ বিরতি বাস্তবায়নে সহায়তা করতে লেবাননে সামরিক প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইন্যান্সিয়াল টাইমস এর বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাজ্যের সংবাদপত্রটিকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার কয়েকজন কর্মকর্তাকে বৈরুতে পাঠিয়েছে। আগামী সপ্তাহে রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে কারিগরি আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওই আলোচনায় ২৬ জুন যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া একটি কাঠামোগত চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। চুক্তিতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সেন্টকম দুই দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র তাদের নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেন, ইসরায়েল ও লেবানন চুক্তির ‘বাস্তবায়ন পর্যায়ে’ পৌঁছেছে। আগামী কয়েকদিনের ভেতর পরীক্ষামূলকভাবে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হবে।
.png)






