
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম প্রতি গ্যালনে দুই ডলারের নিচে নেমে আসবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে তিনি জানান, সংঘাত শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
ট্রাম্প লেখেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা যখন জয়ী হব, তখন তেলের দাম অন্য সব কিছুর মতোই কমে যাবে। প্রতি গ্যালন তেলের দাম তিন ডলার এবং শেষ পর্যন্ত তা দুই ডলারের নিচে নেমে আসবে।’ এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে বলে দাবি করে তিনি পুনরায় হুঁশিয়ারি দেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের এই দাবির পরপরই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস কোম্পানিগুলোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।
এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘ইরানের তেল ও গ্যাস উৎপাদন শৃঙ্খল বিস্তৃত, সহজগম্য ও উন্মুক্ত। এই জলসীমায় থাকা আমেরিকান তেল ও গ্যাস কোম্পানিগুলোর অবকাঠামোও একইভাবে উন্মুক্ত রয়েছে। আমাদের সম্পদে আঘাত করলে তোমরাও পাল্টা আঘাত পাবে।’
গালিবফ আরও লেখেন, ট্রাম্প প্রশাসনের কিছু লোকের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কঠিন সময় আসতে চলেছে।
.png)






