এআই বট যখন ভোটযুদ্ধে: কলম্বিয়ার ‘গাইতানা’ কেন আলোচনায়
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু এবার এই প্রযুক্তি সরাসরি রাজনীতির মাঠে নেমেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ৮ মার্চের সংসদীয় নির্বাচনে আলোচনার কেন্দ্রে এআই বট ‘গাইতানা’।
স্ট্রিম ডেস্ক

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু এবার এই প্রযুক্তি সরাসরি রাজনীতির মাঠে নেমেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ৮ মার্চের সংসদীয় নির্বাচনে আলোচনার কেন্দ্রে এআই বট ‘গাইতানা’।
গাইতানা নিজেকে পরিচয় দেয় ‘পরিবেশবাদী’ এবং ‘প্রাণী অধিকার রক্ষার প্রবক্তা’ হিসেবে। আদিবাসী ঐতিহ্যের পালকযুক্ত পোশাকে সজ্জিত এই বট লড়ছে আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত একটি আসনে।
কে এই গাইতানা
গাইতানা নামটি নেওয়া হয়েছে কলম্বিয়ার ইতিহাসে স্মরণীয় একজন আদিবাসী নারী নেত্রীর নাম থেকে। তিনি স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। সেই ঐতিহাসিক চেতনা আর সমকালীন প্রযুক্তিকে একত্র করে তৈরি হয়েছে এই এআই বট।
গাইতানার নির্মাতা কার্লোস রেডোন্ডো কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের জেনু সম্প্রদায়ের একজন সদস্য। তাঁর ভাষায়, এটি এক ধরণের রাজনৈতিক প্রতিবাদ।
তিনটি ছোট সার্ভারে পরিচালিত হলেও গাইতানা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা চালাচ্ছে। নিজের ওয়েবসাইটে সে নিজেকে বর্ণনা করেছে এভাবে—‘আমি GAITANA IA পূর্বপুরুষের স্মৃতি ও নেটওয়ার্কের আহ্বানে জন্ম নেওয়া এক সত্তা। জানতে চাইলে প্রশ্ন করুন, কেন আমি এখানে, সেটিও বলব।’
কেন এই উদ্যোগ
কার্লোস রেডন্ডোর মতে, এই উদ্যোগটি মূলত প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ। বর্তমান রাজনীতিবিদরা যেভাবে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত নেন, তাকে চ্যালেঞ্জ জানানোই গাইতানার মূল লক্ষ্য।

এই প্রকল্পের মাধ্যমে তিনি ‘ডিজিটাল গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চান, যেখানে প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের দাবিগুলো সরাসরি সংসদে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কার্লোসের ভাষায়, এটি এমন এক ব্যবস্থা যা মানুষের সম্মিলিত কণ্ঠস্বরকে সংগঠিত করবে।
গাইতানা যেভাবে কাজ করবে
গাইতানা মূলত জনগণের হয়ে কাজ করার একটি মাধ্যম। এর কর্মপদ্ধতি বেশ মজার। সংসদে যখন কোনো বড় বা জটিল বিল (ধরা যাক ২০০ পৃষ্ঠার কোনো আইন) উত্থাপন করা হবে, তখন গাইতানা সেই পুরো বিলটি পড়ে ছোট ছোট সহজ চিত্র বা ‘ইনফোগ্রাফিক’-এ রূপান্তর করবে।
এই সহজ তথ্যগুলো সে তার আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ছড়িয়ে দেবে। এরপর সেই বিলের ওপর সাধারণ মানুষ তাদের মতামত জানাবে। যদি ৫০ শতাংশের বেশি মানুষ বিলটির পক্ষে মত দেয়, তবেই গাইতানা সংসদে সেই বিলের পক্ষে ভোট দেবে। বর্তমানে প্রায় ১০ হাজার অনলাইন ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে এটি পরিচালিত হচ্ছে।
নির্বাচনী ব্যালটে গাইতানা
নির্বাচনী আইন অনুযায়ী কোনো এআই বট/রোবট সরাসরি প্রার্থী হতে পারে না। এই আইনি বাধা কাটাতে কার্লোস রেডন্ডো এবং আদিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম নিবন্ধিত করেছেন।
তবে প্রচারণার সবকিছু হচ্ছে গাইতানার নামে। ভোটাররা যখন ভোট দিতে যাবেন, তারা ব্যালট পেপারে এআই এর স্প্যানিশ সংক্ষিপ্ত রূপ ‘IA’ লেখাটি খুঁজবেন। এই চিহ্ন দেখে ভোট দিলেই তা গাইতানার ডিজিটাল প্রতিনিধির বাক্সে জমা হবে।
প্রযুক্তি ও রাজনীতির এই মিলনমেলা কলম্বিয়ার নির্বাচনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। গাইতানা সফল হলে তা বিশ্ব রাজনীতির ভবিষ্যতে নতুন পরিবর্তন নিয়ে আসতে পারে।
.png)








