২৩ দিনের মাথায় জামালপুর বিশ্ববিদ্যালয়ে ভিসি বদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২৩: ১৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি সংগৃহীত

নিয়োগের ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। শনিবার (৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতির খবর জানানো হয়।

এতে আরও বলা হয়, নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন।

এর আগে গত ১৪ মে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি কর্মস্থলে যোগদানও করেছিলেন। নতুন আদেশে তাঁকে অব্যাহতি দিয়ে জাবির মূল পদে পুনরায় যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি উপ-উপাচার্য পদেও নতুন নিয়োগ করেছে সরকার। জাবির উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন।

সম্পর্কিত