প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৪: ২৭
রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। সংগৃহীত ছবি
রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। সংগৃহীত ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় উপস্থিতি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় চলতি বছরের ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, ফলাফল ওয়েবসাইটে আপলোড শুরু হয়েছে। ২-৩ ঘণ্টার মধ্যে ফল আপলোড শেষ হবে। তখন সবাই ফল পেয়ে যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অভিভাবকেরা অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন।

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪৬ হাজার ২৮১ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফল ফাঁস হয়। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কর্তৃপক্ষ প্রকাশ করার আগে ওয়েবপোর্টালে আপলোড করেন মেহতাব কায়েস। যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় তাঁকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত