আ.লীগের সঙ্গে শিক্ষকদের যোগসাজশ অনুসন্ধানে পবিপ্রবিতে কমিটি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৫: ৫৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষকদের গোপন যোগাযোগের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামের ব্যানারে অনলাইন গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত, যাদের মধ্যে পবিপ্রবির কিছু শিক্ষকও রয়েছেন।

এ অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ। এ ছাড়া সদস্য-সচিবের দায়িত্বে আছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত শিক্ষকদের চিহ্নিতকরণ, করণীয় নির্ধারণ, পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে সংশ্লিষ্টতা সত্যানুসন্ধান করে কমিটির সদস্যরা প্রয়োজনীয় সুপারিশ করবেন। তদন্ত প্রক্রিয়ায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদন, অভিযুক্ত শিক্ষকদের লিখিত ব্যাখ্যা এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে অভিযোগের চূড়ান্ত পরিণতি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত