
ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত ছুটি পর্যন্ত সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটির সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ইংলিশ মিডিয়াম স্কুলে শুধু আবশ্যিক পরীক্ষা নির্ধারিত শিডিউল অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, একই সময়ে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার কথা আগামী ২৬ মার্চ। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।
.png)






