চীনের মানুষ কাঁঠাল পছন্দ করে, রপ্তানিতে বড় আয়ের আশা প্রধানমন্ত্রীর
স্ট্রিম প্রতিবেদকঢাকা

চীনের মানুষ কাঁঠাল পছন্দ করে এবং দেশটিতে কাঁঠাল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান। একই সঙ্গে চীনে কাঁঠাল রপ্তানির জন্য একটি চুক্তি সই করার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চীন সফরে তাদের সঙ্গে একটি চুক্তি সই করেছি। সেই চুক্তিটি হলো, আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব। কারণ চীনের মানুষরা কাঁঠাল খুব পছন্দ করে।’
তিনি আরও বলেন, ‘চীনে যাওয়ার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। সেখানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, তাদের ওখানে একটি ফল হয় ডুরিয়ান, যা দেখতে অনেকটা কাঁঠালের মতো। কথা প্রসঙ্গে তিনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে এক বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা যদি পারে, নিশ্চয়ই ইনশাআল্লাহ কাঁঠালও আমরা পারব এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।’
এ সময় বন্ধ কলকারখানা চালুর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল-কারখানা যেগুলো বন্ধ আছে, সেগুলোকে চালু করার জন্য এবং কৃষি খাতে যে মিল-ফ্যাক্টরি আছে, সেগুলোকেও আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য।’
.png)




-78ae87-256x144.webp)

