
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যেকোনো সংকটকালীন মুহূর্তে বা আকস্মিক ফ্লাইট বাতিল হলে, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরের কাছে হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ ক্যাম্পে এ ব্যবস্থা প্রবাসীদের দুর্ভোগ অনেকাংশে কমাবে। ’
হজ ক্যাম্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
.png)




-78ae87-256x144.webp)

