ছাত্রলীগের মিছিলে ‘অংশ নেওয়া’ স্কুলছাত্র কারাগারে
স্ট্রিম সংবাদদাতালক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের মামলায় এক স্কুলছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) বিকেলে তাকে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩ আগস্ট) সকালে ১৪ বছর বয়সীকে আদালতে তোলা হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার স্কুলছাত্র উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার এসআই মিজানুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় ছেলেটিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছেলেটির বয়স কম না বেশি তা তদন্তের বিষয়।
সোমবার (৩ আগস্ট) আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, ‘মঙ্গলবার আসামির হাজিরা। এজন্য আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন। শুনানি শেষে তাকে গাজীপুরে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।’
তিনি বলেন, মামলার এজাহারে ওই স্কুলছাত্রের যে নাম ও বয়স (১৯ বছর) দেওয়া হয়েছে, তার সঙ্গে জন্ম নিবন্ধনের নাম কিংবা বয়সের মিল নেই। আদালতে হাজির করার সময় মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স দেখিয়েছেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন। প্রকৃতপক্ষে জন্মনিবন্ধনে তার বয়স ১৪ বছর ২ মাস।
সুমন আরও বলেন, ‘সে ছোট মানুষ, এখনো রাজনীতি করার বয়স হয়নি। এতে আমরা তার জামিনের জন্য আবেদন করেছি। ছেলেটি এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হওয়ায় বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।’
এজাহার অনুযায়ী, গত ৩০ মে সকালে পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন তারা।
এই ঘটনায় ৪ জুন রামগতি থানার এসআই ময়নাল হোসেন ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তাদের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং কার্যক্রমের ভিডিও ধারণ করে প্রচারের অভিযোগ আনা হয়।
.png)




-78ae87-256x144.webp)

