জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সোম-মঙ্গলবারের মধ্যেই নবনির্বাচিতদের শপথ: প্রেস সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১৩
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সোম–মঙ্গলবারের মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘শপথ নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। আর খুব দেরি হলেও এটি ১৬ বা ১৭ তারিখের মধ্যে হবে, এর পরে যাবে না।’

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচনের পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘এই বিষয়গুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালও কাজ করেছেন, আজও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে। ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য।’

সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ এবং বঙ্গভবন প্রস্তুতির পুরো বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করেছেন বলেও জানান প্রেস সচিব। এর আগে গণভোট ও অন্যান্য বিষয় নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

সংসদ নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয় বৃহস্পতিবার। একই দিনে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। এর মধ্যে ঘোষিত ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। সংসদে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী।

ভোটের পরদিন শুক্রবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত