হবিগঞ্জে ক্লাসের সময় মেঝেতে ধস, আহত ৫
স্ট্রিম সংবাদদাতাহবিগঞ্জ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে মেঝে ধসে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ক্লাসে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন– সহকারী শিক্ষক রুমা আক্তার এবং শিক্ষার্থী– রহিম বাদশা, আজিনুর মিয়া, আব্দুল মান্নান মিয়া ও মোজাক্কির মিয়া। স্থানীয়দের সহায়তায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
শিক্ষক রুমা আক্তার বলেন, ‘এক শিক্ষার্থী ফাটলের কথা জানানোর কয়েক সেকেন্ডের মধ্যেই মেঝে ধসে যায়। শিক্ষার্থীদের সঙ্গে আমিও নিচে পড়ে যাই। সবার জন্য খুবই আতঙ্কজনক ছিল।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা জানান, মেঝের নিচে প্রয়োজনীয় মাটি না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন তারা।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডির প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)




-78ae87-256x144.webp)

