দুর্গম পাহাড়ে মিলল অস্ত্রের কারখানা, আটক বাহিনীপ্রধান
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চালানো এই অভিযানের তথ্য বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এতে ওই পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করার কথা উল্লেখ রয়েছে।
কোস্ট গার্ডের দাবি, গোপন সংবাদে তারা জানতে পারেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন দুর্গম পাহাড়ে একটি সশস্ত্র চক্র গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি ও সেসব দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। একইসঙ্গে চক্রটি অবৈধ অস্ত্র ব্যবসা, জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
এই তথ্যে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সদস্যরা অভিযান চালায়। পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানা থেকে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ১২ রাউন্ড কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়ানক এলাকার বাসিন্দা ইমাম হোসেন মিন্টুর বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন অবৈধ অস্ত্র তৈরি ও কারবার, জলদস্যুতা, ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। মিন্টুর ব্যবহৃত অস্ত্রের কারণে মহেশখালীসহ পূর্ব উপকূলীয় অঞ্চলের জেলে ও লবণচাষিরা চরম নিরাপত্তাহীনয় দিন কাটাচ্ছেন।
সাব্বির আলম সুজন বলেন, মিন্টু বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। জব্দ আলামত ও আটক মিন্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)




-78ae87-256x144.webp)

