বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি

বিএনপির স্থায়ী কমিটি ও দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরই তিনি এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়। এরপরই দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বিএনপির নতুন মহাসচিব কে হবেন, তা পরে জানানো হবে বলে জানিয়েছেন রিজভী। তবে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব রিজভীকে দেওয়া হতে পারে। যদিও এর আগে স্ট্রিমকে রিজভী জানিয়েছিলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘এখনো আমি এসব বিষয়ে কিছুই জানি না। দলের ভেতর থেকেও আমাকে কিছু বলা হয়নি।’

ভারপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ মিলিয়ে ২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মির্জা ফখরুল। ২০১১ সালের ২০ মার্চ তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। এরপর ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহাসচিবের পদটি শূন্য হবে। এই পদে দীর্ঘদিন ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুরে মির্জা ফখরুল সচিবালয় ত্যাগ করেন। বৃহস্পতিবার তাঁর কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি।

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট হবে।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় তাঁর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। ভোটে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হলে মির্জা ফখরুলই হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত