
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য ছয়টি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার। শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
হাসপাতালগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের পরে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে জটিলতা দেখা দেয়।
এমন প্রেক্ষাপটে অধিদপ্তরের আদেশে বলা হয়, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে রেফার করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দিতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে হয়, গত ১১ জুনের এক স্মারকের মাধ্যমে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় হাসপাতালটিতে ভর্তি বা সেখান থেকে রেফার হওয়া রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়, তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ছয়টি হাসপাতালকে নির্দেশ দেওয়া হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
.png)





-78ae87-256x144.webp)

