দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ঢাকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল, তা সত্ত্বেও এমন আয়োজনের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও শহীদদের প্রতি চরম অবমাননা। চব্বিশের জুলাই-আগস্টে শিশুসহ নিরীহ মানুষ হত্যার মতো জাতিসংঘের প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার মাফিয়া চক্র ইতিহাসের গতিধারা উল্টে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, বাংলাদেশের জনগণ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার দিনে ফিরে যাবে না এবং দেশ কোনো অনুগত রাষ্ট্র বা ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না। বাংলাদেশের রাজনীতিতেও আর এই মাফিয়া চক্রের কোনো স্থান হবে না।

বাংলাদেশ জানায়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে ২০১৩ সালের চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি, উল্টো সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত