রাজশাহীতে পৌর বিএনপি নেতার বাড়ি রাতে ককটেল হামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৯: ০৪
রাজশাহীর ভবানীগঞ্জ পৌর বিএনপির নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত ককটেল জব্দ। সংগৃহীত ছবি

রাজশাহীর ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল জব্দ করেছে পুলিশ। আজ শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ হয়নি জানিয়েছেন বাগমারা থানার ওসি জিল্লুর রহমান।

এদিকে, ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে ভবানীগঞ্জ পৌর বিএনপি। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকেও আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিএনপি নেতা আবদুর রাজ্জাকের বাড়ি জেলার বাগমারা উপজেলার চানপাড়া এলাকায়। তিনি জানান, হামলার কিছুক্ষণ আগেই ঢাকা থেকে বাড়িতে ফেরেন। হামলার পেছনে কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। আগামী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর কোনো ব্যক্তিগত শত্রু নেই বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।’ এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলের অধিকাংশ নেতা এলাকায় অনুপস্থিত থাকায় তাদের বক্তব্যও নেওয়া যায়নি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত