রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক, তাকিয়ে আছে বিশ্ববাসী: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি
বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এ নির্বাচনের দিকে পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারব। এটি একটি ঐতিহাসিক নির্বাচন এবং এ নির্বাচনের দিকে পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে। কারণ, আমাদের একটা গণঅভ্যুত্থান হয়ে গেল এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এর ফলে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন প্রথম হয়েছিল ১৯৯১ সালে। এরপরে কিন্তু আর এমন নির্বাচন হয়নি। দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার কিছুটা ঘাটতি রয়েছে। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরিতে ঘাটতি আছে। কারণ আমাদের লোকজনও রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নন। সংসদ সচিবালয় যেখানে গভীরভাবে যুক্ত থাকে, তারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত নন।’

তিনি আরও বলেন, ‘তারপরও আমরা যত রকমের সম্ভব প্রস্তুতি ও অনুশীলন প্রয়োজন, তা করেছি। আমাদের সিনিয়র সচিব সাহেবের নেতৃত্বে কর্মকর্তারা কাজ করেছেন যাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো ত্রুটি না হয়, সেই ব্যবস্থা আমরা করেছি।’

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় ১৯৯১ সালের আইন ও বিধিমালা অনুসরণ করা হচ্ছে জানিয়ে নির্বাচন পরিচালনা কর্মকর্তা বলেন, ‘সংসদ অধিবেশন থাকা বা না থাকার ওপর নির্বাচন পরিচালনার ব্যবস্থায় ভিন্নতা রয়েছে। বর্তমানে সংসদ অধিবেশনে না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিয়মিত অধিবেশন ডাকার প্রয়োজন নেই। শুধু ভোটের জন্য বৈঠক আহ্বান করলেই হয়। সাধারণত সংসদ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সেশনে না থাকলে সিইসি এই বৈঠক আহ্বান করবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনী বৈঠক আহ্বানের গেজেট গত ১১ আগস্ট প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী নির্বাচনের অন্তত সাত দিন আগে এ গেজেট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ভোটার তালিকা ও নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হয়, ১৬ আগস্ট তা যাচাই-বাছাই করা হয় এবং ১৮ আগস্ট ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।’

তিনি আরও বলেন, ‘১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি এবং বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র জমা পড়েছিল। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ব্যবহৃত রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। আমরা তিনটি বৈধ মনোনয়ন পেয়েছি। এছাড়া ১৮ আগস্ট কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখন আমি নির্বাচন পরিচালনা করব। এখানে আমাদের রাষ্ট্রপতি একজন ভোটার, বর্তমান প্রধানমন্ত্রী ভোটার, স্পিকার ভোটার, বিরোধী দলের নেতাও ভোটার এবং সব সংসদ সদস্যরাও ভোটার। ভেরি হাইপ্রোফাইল একটি নির্বাচন।’

ভোট গ্রহণের প্রস্তুতিতে সংসদ সচিবালয়ের সহযোগিতা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সহায়ক কর্মকর্তাদের পাশাপাশি সংসদ সচিবালয়ের যারা অধিবেশন চলাকালে ফ্লোরে দায়িত্ব পালন করেন, তাদেরও সহযোগিতা নেওয়া হবে। সংসদ ভবনের আসন বিন্যাস সংসদীয় আসনের ধারাবাহিকতা অনুযায়ী নয় বলে ভোট গ্রহণের প্রস্তুতিতে বিভক্তি নম্বর ধরে আলাদা করে কাজ করতে হয়েছে। যেমন লাকসামের সংসদ সদস্য এক জায়গায় বসলে ফেনী বা সিলেটের সংসদ সদস্য অন্য জায়গায় বসছেন। এসব বিভক্তি নম্বর দিয়ে আমাদের সব বের করতে হয়েছে।’

স্পিকার, হুইপ, চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহযোগিতার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘সংসদ সচিবালয় থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। আমরা তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ।’

ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু হবে এবং সেখানেই নির্বাচনী কর্মকর্তা হিসেবে ফল ঘোষণা করবেন বলে জানান সিইসি। তিনি বলেন, ‘কতটি ব্যালট ছাপানো হয়েছে, কতটি ব্যবহার হয়েছে, কতটি অব্যবহৃত রয়েছে, কতটি বাতিল হয়েছে এবং প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন—সব বিস্তারিত ঘোষণা করা হবে। যিনি সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি ভোট পাবেন, তিনি বিজয়ী হবেন। তার নাম ঘোষণা করে দেওয়া হবে এবং ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।’

এ সময় ভোটের দিন জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটের দিন জাতীয় সংসদ ভবনের হাউসের মধ্যে কোনো প্রচার-প্রচারণা চালানো যাবে না।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক, তাকিয়ে আছে বিশ্ববাসী: সিইসি